মাগুরা প্রতিদিন ডেস্ক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশের সব ইউনিটে ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (১ আগস্ট) পুলিশের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো জরুরি বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে।
এ পরিস্থিতিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশি যানবাহন কোথাও অরক্ষিত বা নজরদারিবিহীন অবস্থায় না রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ডিউটিরত যানবাহন শুধুমাত্র নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স ও অফিস প্রাঙ্গণে রাখা যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সকল মহানগর, রেঞ্জ ও জেলা ইউনিটকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য হুমকির উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।