আজ, বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৪


মাগুরায় পানিভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের পারনান্দুয়ালি পল্লিবিদ্যুত অফিস এলাকায় সড়ক মেরামত কাজে নিযুক্ত পানিভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসারুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত বাসারুল ইসলাম মাগুরা শহরের পারনান্দুয়ালী মোল্লাপাড়ার বাসিন্দা এবং ওই এলাকার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাসারুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে সওজ কার্যালয়ের সামনে পৌঁছে সড়ক মেরামত কাজে নিয়োজিত পানি ভর্তি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মোটরসাইকেল চালক বাসারুল। এদিকে ট্রাকটি পেছনে চলতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology