আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত

মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান

মাগুরা প্রতিদিন : কর্মচারীদের টয়লেটে সাবান ও হ্যান্ডওয়াশের ব্যবস্থা না থাকা এবং টয়লেট ব্যবহারের পর হাত না ধুয়েই খাদ্য প্রস্তুতের মতো গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে মাগুরা সদরের রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৪ মে ২০২৬) সকালে মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সকাল ১০টার দিকে অভিযান চলাকালে দেখা যায়, পূর্বে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশেই মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার না করেই খাদ্য প্রস্তুত করা এবং কারখানা ও টয়লেটে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশের অনুপস্থিতি—এসব গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এছাড়া মিষ্টির মধ্যে পোকামাকড়ের উপস্থিতি, মাকড়সার জাল ও ময়লাযুক্ত র‍্যাকে খোলা মিষ্টি রাখা, একই ফ্রিজে খোলা ছানার সঙ্গে মেয়াদোত্তীর্ণ ও বাসি মিষ্টি সংরক্ষণ এবং অননুমোদিত রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক সঞ্জয় সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য আবারও সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ডিএসআই মো. ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology