মাগুরা প্রতিদিন: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল—“শিক্ষকের কণ্ঠে প্রতিধ্বনি: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষকরা হলেন উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ার কারিগর। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”
তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের মর্যাদা রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
সভায় জেলা শিক্ষা অফিসারসহ স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।