মাগুরা প্রতিদিন: অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর চ্যাম্পিয়ন হওয়া মাগুরা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে মাগুরা অডিটোরিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান এবং জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বার্কি।
এ সময় মাগুরা জেলা বিএনপি নেতা হাসান ইমাম সুজাসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত সোমবার বিকেল ৩টায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা জেলা ফুটবল একাদশের প্রতিপক্ষ ছিল জামালপুর জেলা ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জামালপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা দল।